গাজী টায়ারে আগুন

নিখোঁজদের তালিকা করতে স্বজনদের নিয়ে গণশুনানি চলছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা করতে গণশুনানি চলছে। আজ বেলা ১১টা থেকে গাজী টায়ারের প্রধান ফটকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যদের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। গণশুনানিতে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনেরা অংশ নেন। 

তদন্ত কমিটি জানিয়েছেন, গাজী টায়ার কারখানায় ঘটনার দিন কী ঘটেছিল, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত নিখোঁজদের নামের তালিকা যাচাই বাছাই করতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। এ সময় তদন্ত কমিটির কাছে পত্যক্ষদর্শী ও এলাকাবাসী ঘটনার বর্ণনা দেন। নিখোঁজদের নামের তালিকা দিয়ে ঘটনার দিনের বর্ণনা দেন নিখোঁজদের স্বজনেরা।
 

গণশুনানিতে দেড় শতাধিক মানুষ অংশ নিয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দেওয়া জবানবন্দি যাচাই–বাছাই করে তদন্ত প্রতিবেদনে সঠিক ঘটনা তুলে ধরা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের উপস্থিতি থাকবে ততক্ষণ গণশুনানি চলবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। 

গত ২৫ আগস্ট বিকেলে রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় লুটপাট শুরু হয়। রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ কারখানাটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ২১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গণশুনানিতে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনেরা অংশ নেন। ছবি: ইনডিপেনডেন্ট ওই ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৭৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনেরা। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে জেলা প্রশাসন।