ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক নারী-পুরুষ। ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে ২০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে।
আজ শনিবার সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সলিথা গ্রামের আয়োজনে ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতির হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র ঢাল-সরকি, কাতরা, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।