রাজধানীর শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫ জন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। আহতরা হলেন– মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫) ও মারুফা আক্তার (২৫)। আজ রোববার দুপুর ১টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. বেলায়েত হোসেন বলেন, ‘গত আটদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছিলাম। আজ দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে রওনা হই। পরে আমাদের মিছিলটি শাহবাগে পৌঁছানো মাত্রই পুলিশ সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠিপেটা করে। এতে আমাদের একজন নারী শিক্ষকসহ প্রায় ৩০/৪০ জন আহত হন। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। অন্যান্যদের পিজি হাসপাতালে নেওয়া হয়েছে।’
বেলায়েত হোসেন আরও বলেন, ‘এটি ছিল আমাদের ন্যায্য দাবি। আমরা গত ১৯ জানুয়ারি থেকে এই দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট করে আসছিলাম। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ আমাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ দুপুরের দিকে নারীসহ ৫ মাদ্রাসা শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়।