আহত শিক্ষার্থীদের দেখতে জগন্নাথ হল এবং স্যার এ এফ রহমান হলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুই হল পরিদর্শনে যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, এসময় উপাচার্য আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উপাচার্যের সঙ্গে এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রোববার পাঁচ দফা দাবি নিয়ে কথা বলতে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার দাবি করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিলসহ পাঁচ দাবির অগ্রগতি জানতে তাঁরা অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করতে যান। এ সময় অধ্যাপক মামুন ছাত্রদের অপমান-অপদস্ত করে বের করে দেন। এর পর সেখান থেকে বের হয়েই এর প্রতিবাদে শাহবাগ, সায়েন্সল্যাব ও টেকনিম্যাল মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা।
এর প্রায় সাড়ে চার পর রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তাঁরা। এসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে পৌঁছালে ধাওয়া দিয়ে এক পর্যায়ে সরিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। গভীর রাত পর্যন্ত চলে ধাওয়া–পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে পুলিশকে। চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় ওই এলাকায়। আহত হন বেশ কয়েকজন।
ওই ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখতেই সন্ধ্যায় দুই হলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।