চাঁদপুরের হাইমচরে ইজিবাইক কেড়ে নিল ৮ বছর বয়সী শিশু সোহানের প্রাণ। সোমবার দুপুরে নিজের স্কুলের পাশের সড়কে দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত সোহান উপজেলার মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর একমাত্র ছেলে এবং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্কুলের পাশের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন সোহানকে।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসুদ আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শিশুটি মাথায়, হাতে, পায়ে ও পিঠে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে শিশুটির খিচুনি উঠে যায়।’
হাইমচর থানার উপ-পরিদর্শক সমীর উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’