মুন্সিগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর পুকুর থেকে স্কুলছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামে অপহরণ মামলায় গ্রেপ্তার সিয়াম ওরফে জিহাদের (১৯) বাড়ি সংলগ্ন পুকুর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে ওই মরদেহ উদ্ধার করে।
এদিকে মরদেহ সন্ধানের খবর পেয়ে আসামি জিহাদের বসতবাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। মরদেহটি গুম করার উদ্দেশ্যে হত্যার পর বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। পরে এ ঘটনায় ২৫ জানুয়ারি থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পরিবার। পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করা হলেও রোমানের হদিস মেলেনি। গতকাল বুধবার নিখোঁজ রোমানের সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।