ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৭ ফেরি, ২০ লঞ্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।

আজ সোমবার সকা‌লে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এ তথ‌্য জানা‌নো হয়।

সভায় বলা হয়, ঈদে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কাজে ফেরাদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের তিন দিন আগে ও তিন দিন পর পর্যন্ত সড়কে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। সাতটি ঘা‌টের ম‌ধ্যে তিনটি ঘাট প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল কর‌বে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞানপা‌র্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে অতি‌রিক্ত পু‌লিশ সুপার, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।