হেফাজতের বিক্ষোভের পর নরসিংদীর সেই শিক্ষিকাকে বদলি

হেফাজতে ইসলামের দেওয়া আলটিমেটামের পর কোরআন অবমাননার অভিযোগে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি করে বদলি করা হয়েছে। নরসিংদী সরকারি কলেজ থেকে তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই বদলির আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূইয়া।

এর আগে হেফাজত ইসলাম নেতারা নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, মুসলিমদের পবিত্র কোরআন শরিফসহ ইসলাম ধর্ম ও হেফাজতে ইসলামকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন নাদিরা। যার ফলে জেলাজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়রা ও হেফাজতে ইসলামসহ কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয়। তাই এই বিতর্কিত কলেজ শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে হেফাজতসহ কলেজের শিক্ষার্থীরা একাধিকবার প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন।

আন্দোলনের অংশ হিসেবে গতকাল রোববার নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সদস্যরা শহরের শিক্ষা চত্তরে এক প্রতিবাদ সভা করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এ সময় হেফাজতের পক্ষ থেকে ওই শিক্ষককে দ্রুত বদলির আলটিমেটাম দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরীকে।