গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে শিশু নিহত  

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাসী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে একই পরিবারের আরও চারজন।

আজ বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সায়মা রহমান (৫) ঢাকার নিউস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে।

মুকসুদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেট কারে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। প্রাইভেট কারটি দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ৫জন গুরুতর আহত হন।

তিনি জানান, পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সায়মা মারা যায়। মারাত্মক আহত হয়েছেন নিহত সায়মার বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক রহমান (১০) ও আ. রহমান (৪)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।