রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অবসরপ্রাপ্ত ওই কমিউনিটি মেডিকেল অফিসারের নাম ডা. আহম্মদ আলী। তিনি একই ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘নবাবপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) ডা. আহম্মদ আলী আজ সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুপুরে তাকে আটক করে গণপিটুনি দেয়।’
ওসি মো. জামাল উদ্দিন আরও বলেন, ‘খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেই সাথে ওই চিকিৎসককে উদ্ধার করে।’