হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা নারী, মোটরসাইকেলে বাসের ধাক্কায় গেল প্রাণ 

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সিগনালে থেমে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেরুন্নেসা ভূমি (২২)। দুর্ঘটনায় নিহতের স্বামী মুসা কালিমুউল্লাহ আহত হয়েছেন। নিহত মেরুন্নেসার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে। স্বামীর সাথে এক মেয়েসহ মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে ওই নারীকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. মুসা কালিমুল্লাহ বলেন, ‘আমার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। আজ সকালে আদদ্বীন হাসপাতালে চেকআপের জন্য মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যাচ্ছিলাম। হানিফ ফ্লাইওভারের ওপরে সিগনালে আমাদের মোটরসাইকেল থেমে ছিল। তখন পেছন থেকে মনজিল পরিবহনের একটি বাস আমার মোটরসাইকেল ও আরেকটি মোটরসাইকেলকে একসাথে ধাক্কা দেয়।’

তিনি বলেন, ‘এতে আমার স্ত্রীসহ আরেকটি মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমার স্ত্রী ও অপর মোটরসাইকেলের আহত আরোহী রানা নামের এক ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।’

জানা যায়, আহত রানা মাদারীপুর জেলার শিবচর থানা বাইরের কান্দি এলাকার আব্দুল হালিমের ছেলে। কদমতলী এলাকায় ভাড়া থাকেন তিনি। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।