মুন্সিগঞ্জে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা 

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা। বুধবার দুপুরে শ্রীনগর থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলার আসামি আল আমিন খান (১৮) পালিয়ে গেছে।

মামলার বিবরণ ও পুলিশের তথ্যমতে, শ্রীনগরের কানাইপুর এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন ভুক্তভোগীর মা। ঘটনার দিন গত রোববার বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুকে নিয়ে সেখানে কাজ করতে গেলে তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় পাশের বাড়ির বখাটে আল আমিন খান। পরে ওই বখাটে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের পরামর্শে সেদিন রাতেই ভুক্তভোগীর স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘গত রাতে সংবাদ পাওয়ার সাথে সাথে আসামিকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। আশা করছি প্রযুক্তির সহায়তায় দ্রুতই আসামিকে আটক করা সম্ভব হবে।’