মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
উপসহকারী পরিচালক জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


