৩২–এ ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় কারাগারে 

গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে গত বছরের জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। আর আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন।

পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির মুখে পড়েন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি, পেট্রোলবোমা, হাতবোমা নিক্ষেপ করে। ওদিন বিকেলে আসামিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ হুকুমে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করা হয়। 

মামলায় আরও বলা হয়, এ সময় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে দীর্ঘ দুই মাস চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হন।

পরে গত ২ এপ্রিল আরিফুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়।