জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থী ১৭৯ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জনসহ সব মিলিয়ে ১৭৯ জনের তালিকা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

তিনি জানান, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহ করেন। অসঙ্গতি থাকায় ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ১৭৯টি মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের সদস্যসচিব আরও জানান, ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং কোন পদে কত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে তার বিস্তারিত প্রকাশ করা হবে। এছাড়া, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো আজ থেকে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।