এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ক্যাজুয়াল নামের একটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। এ সময় তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।
সড়ক অবরোধের সময় শিল্প পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এতে শিল্প পুলিশের ৫ সদস্য ও ২০ জন শ্রমিক আহত হয়েছেন । পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে আরিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা সকাল সোয়া ৮ টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।
এক পর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিল্প পুলিশের ৫ সদস্য আহত হন।
শ্রমিকদের দাবি, তাদের তিন মাসের বকেয়া রয়েছে। পুলিশের সাথে তাদের ধাওয়া–পাল্টা ধাওয়ায় ২০জন শ্রমিক আহত হয়েছেন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানাটি গত মাসের ২৮ তারিখ থেকে সাধারণ ছুটি রয়েছে। আজকে কারখানাটি খোলার কথা ছিল। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের জন্য আধ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।