রাজধানীতে আবাসিক হোটেল থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজধানীর যাত্রাবাড়ীতে আয়েশামনি নামে একটি আবাসিক হোটেলের দরজা ভেঙে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রুম থেকে ২টি চিরকুট উদ্ধার করা হয়। রাকিব শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী ধোলাইপাড় রোডের আয়েশামনি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, ‘খবর পেয়ে গতকাল বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী ধোলাইপাড় রোডে আয়েশামনি আবাসিক হোটেলের একটি রুমের দরজা ভেঙে ওই তরুণেরর মরদেহ উদ্ধার করি। হোটেলের বিছানার চাদর গলায় পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছিল মরদেহটি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

হোটেলটির ম্যানেজার জমির উদ্দিন জহির জানান, গত রোববার দুপুর দেড়টার দিকে একাই ওই ব্যক্তি হোটেলটিতে আসেন। এরপর রুম ভাড়া নেন। সেখানে দুদিন থাকবেন বলে জানান তিনি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে চেকআউটের জন্য দরজায় নক করা হলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতর থেকে ওই মরদেহ উদ্ধার করে।
 
ম্যানেজার আরও জানান, পুলিশ রুম থেকে দুটি চিরকুট উদ্ধার করে। যার একটিতে লেখা ছিল, ‘মা তুমি আমারে মাফ কইরা দিও। তোমাদের অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমার জন্য দোয়া কইরো– না পারলে বদদোয়া কইরো না।’ অপরটিতে লেখা ছিল, ‘আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মায়ের কাছে। আমার চাচাতো ভাইয়ের নাম্বার... ওর নাম দিন ইসলাম। আমার নাম জহিরুল ইসলাম রাকিব।’