গাজীপুরের কাশিমপুরে পূজা উদযাপন কমিটির প্রস্তুত করা কয়েকটি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বাতাসে প্রতিমা ভেঙে গিয়েছে।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পূজারিরা। খবর পেয়ে কাশিমপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায় তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, ‘কাল সারাদিন বৃষ্টি ও বাতাস ছিল, বাতাসেই প্রতিমা ভেঙে গিয়েছে, এর বাইরে কিছু নয়।’