চিকিৎসকের অবহেলায় ঢামেকে মৃত্যুর অভিযোগ, রোগীর স্বজন-ট্রলি ম্যানদের মারামারি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ট্রলি ম্যানদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় জুয়েল নামে এক ট্রলি ম্যানকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল এলাকায় বাড়তি পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে ২১০ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে। পরে চিকিৎসকের সঙ্গে তাদের তর্কাতর্কির এক পর্যায়ে তারা সেখান থেকে জরুরী বিভাগে চলে আসে। 

এরপর জরুরী বিভাগের আনসার সদস্যদের সঙ্গে ওই রোগীর স্বজনদের হাতাহাতির চেষ্টা হলে জুয়েল নামে এক ট্রলি ম্যান বাধা দেয়। এতে রোগীর স্বজন ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে ওই ট্রলি ম্যানকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রোগীর তিন স্বজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় তিনজনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।