রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। তিনি রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় থাকতেন এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।
নিহতের ছেলে অনিক বলেন, ‘আমার বাবা পিপিবি পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। দুর্ঘটনার সময় আমার বাবা বাস থেকে নেমে সামনে এগিয়ে গিয়েছিলেন এবং বাসটিকে থামার জন্য সিগন্যাল দিয়েছিলেন। ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আমার বাবাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও আমার বাবাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


