নাটোরে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে রিপন হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন। এতে আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ রানা।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন পাবনার হেমায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে রিপনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত চালক মাসুদ রানাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জাফর ইকবাল জানান, সকালে দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকটি পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রীজের রেলিং ভেঙে নিচের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার রিপন হোসেনের মৃত্যু হয় এবং আহত হন চালক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


