ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাদিরদী বাজারের মাছ বাজারের পাশে একটি দর্জি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি ওষুধের দোকানসহ বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধুখালী এবং বোয়ালমারীর দুইটি ইউনিট সেখানে অগ্নিনির্বাপণের কাজ করে। রাত পৌনে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ মোল্লা জানান, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় মধুখালী উপজেলা থেকে অপর ইউনিট যোগ দিলে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম জানান, নাসিরের দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশের ২০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।