বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন পরীক্ষার্থীরা।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরপর সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

বিকেলের পর আন্দোলনকারীরা আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে ফের বাধা দেয় পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও গরম পানি। এতে ছত্রভঙ্গ হয়ে তারা টিএসসির দিকে অবস্থান নিয়ে দফায় দফায় ইট–পাটকেল নিক্ষেপ করেন।

এই মুহূর্তে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে পিএসসির চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিসিএস পরীক্ষার্থীরা। অবস্থান বজায় রেখেছে পুলিশ।