ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গাড়ির চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পশু সম্পদ ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফল ব্যবসায়ী মধু উল্লাহ (৫২) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার ধোপখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, পঞ্চগড় থেকে ভাঙ্গাগামী কমলাবোঝাই একটি পিকআপ ও ফরিদপুরগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে হাইওয়ে পুলিশের ক্রেন দিয়ে পিকআপটি রাস্তার ওপর তোলা হয়। ফলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
উপ-পরিদর্শক মো. মামুন আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও হতাহতদের উদ্ধার কাজ শেষে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।