পদ্মা সেতুতে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত অন্তত ৮

পদ্মা সেতুতে একটি বাস লেন পরিবর্তনের সময় আরেকটি বাস ধাক্কা দিলে তোফায়েল মিয়া নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকার জালাল উদ্দিন মৃধার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’-এর একটি বাস হঠাৎ সেতুর ওপর লেন পরিবর্তন করছিল। এ সময় হঠাৎ করে পেছন থেকে আসা ভাঙ্গাগামী ‘বসুমতী পরিবহন’-এর একটি বাস পদ্মা স্পেশাল পরিবহনকে সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছে।

সেতু কর্তৃপক্ষের সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেতু কর্তৃপক্ষের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস আলাদা লেনে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কবির আহমেদ বলেন, পদ্মা সেতুতে বাস দুর্ঘটনায় তোফায়েল নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে।