চলছে জকসু নির্বাচনের ভোটগণনা, ছাত্রদল-শিবিরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের মোট ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব ও ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ এগিয়ে রয়েছেন।

এর আগে, কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আবার শুরু হয় ভোটগণনা। মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় গণনার কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছয়টি ওএমআর মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলে।

নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে প্রায় ৬৫ শতাংশ ও হল শিক্ষার্থী সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। অন্যদিকে হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন।