ফরিদপুরের মধুখালীতে ট্রাকের চাপায় গোলাম আরাফাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার নওপাড়া-বোয়ালমারী আঞ্চলিক সড়কে নওপাড়া মোড়ে প্রবেশের সময় সাব্বিরের ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার একমাত্র সন্তান। পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরি কারখানাতে চাকরি করতেন। ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আরাফাত মোটরসাইকেলে করে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের জন্য রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকে নিতে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।