জনগণের মুখোমুখি চাঁদপুর-৩ আসনের প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির আয়োজনে বাবুরহাট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিত সকলের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সুজন এর প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। তিনি বলেন, আমাদেরকে রাজনৈতিক প্রথাগত ধারাবাহিকতা থেকে বের হয়ে আসতে হবে। আয়োজনের লক্ষ্য উদ্দশ্যে নিয়ে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা। তিনি প্রার্থী ও তার কর্মী সমর্থকদের নির্বাচনী আচরণ বিধি পরিপূর্ণভাবে মেনে চলার বিষয়টি তুলে ধরেন বক্তব্যে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ, গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

এই আয়োজনে সাধারণ ভোটাররা নাগরিক হিসেবে নিজেদের প্রত্যাশা ও নানা প্রশ্ন প্রার্থীদের সামনে তুলে ধরেন। জনগণের প্রশ্নের জবাবে প্রার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকারের কথা জানান। 

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে চাঁদপুরকে কীভাবে উন্নত ও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন তারা।

নির্বাচনী এলাকা নিয়ে ভোটারদের প্রত্যাশার বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, মাওলানা আব্দুর রউফ, জসিম উদ্দিন মাল, সমাজকর্মী রোজিনা আফরোজ মুক্তা।

তারা চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধ, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ৪ লেন, চাঁদপুর-লাকসাম রেলপথে স্টেশনগুলো চালু করা, নতুন ট্রেন চালু করা, চাঁদপুর-কক্সবাজার ট্রেন চালু করা, বড় স্টেশন মোলহেডকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যানজট নিরসন, মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্নাঙ্গ রুপ দেয়ার বিষয়গুলো বক্তব্যে তুলে ধরেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজনের সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সুজন জেলা কমিটির সহ-সভাপতি আলম পলাশ।