মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায়  মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– ঢাকার মুগদা এলাকার আরিফ ও ফরিদপুর এলাকার মামুন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনাকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।’ 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।’