ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ঢাকায় বসবাসকারী নাসিরনগরের নাগরিকরা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে নাগরিক সংবর্ধনা এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকরাসহ নাসিরনগর উপজেলার দেড় সহস্রাধিক লোক অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলের আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানসহ উত্তরীয় পরিয়ে দেন নাসিরনগর উপজেলা সমিতি–ঢাকার নেতৃবৃন্দ ও বিশেষ অতিথিরা।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ হান্নান এমপি বলেন, ‘জাতীয় সংসদের অধিবেশন শুরু না হলেও নাসিরনগরের নানা উন্নয়ন কাজ নিয়ে আমি সচিবালয়ে দৌড়ঝাঁপ করছি। আমি আমার নির্বাচনী সকল প্রতিশ্রুতি পালনে দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।’
আসন্ন ঈদুল ফিতরের পরে বিশেষ সভা ডেকে নাসিরনগর উপজেলা সমিতির স্থায়ী কার্যালয় স্থাপনের শুভ সূচনা করার অভিপ্রায়ও ব্যক্ত করেন নবনির্বাচিত এমপি।
নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা এবং ইফতার ও দোয়া মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্যের সমিতিতে অবদান স্মরণ করে সম্মাননা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. সাফিন (সফিন)।
সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ ও সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সফি ইউ আহমেদ, ইঞ্জিনিয়ার গাজিউর রহমান, মফিজ উদ্দিন আহমেদ (ফরিদ), আব্দুল হামিদ, সঞ্জয় কুমার ভৌমিক, ড. সৈয়দ মোতাসিম বিল্লাহ, আব্দুল ওহাব, ইবরাহিম ভূঁইয়া রেনু, লায়ন সৈয়দ শরীফ, অধ্যক্ষ এম এ মোনায়েম, কে এম বশির উদ্দিন তুহিন, অ্যাডভোকেট আলী আজম প্রমুখ। এছাড়াও সমিতির সাবেক ও বর্তমান একাধিক সদস্য শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মোজাম্মেল বশীর।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার সাবেক নেতা। তিনি বিএনপির নাসিরনগর উপজেলা সভাপতি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।