ঢাকায় ভবন নির্মাণে নতুন বিধিমালা: অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া মিলবে না বিদ্যুৎ-পানির সংযোগ

রাজধানীতে ভবন নির্মাণে আগে শুধু স্থাপত্যের নকশায় অনুমোদন লাগতো। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরও চারটি নকশা। নতুন বিধিমালায় অকুপেন্সি সার্টিফিকেট করা হয়েছে বাধ্যতামূলক। এটি ছাড়া মিলবে না বিদ্যুৎ ও পানির সংযোগ, বেচা-কেনাতেও এই সনদ লাগবে। পরিকল্পনাবিদেরা বলছেন, আইন প্রয়োগ করতে পারলে নগরের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

রাজধানীতে ২২ লাখের বেশি ভবন রয়েছে। অভিযোগ আছে, অধিকাংশই পুরোপুরি নিয়ম মানেনি। আর অবৈধ প্রায় তিন লাখ ভবন।

সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনার পর বেরিয়ে আসে, ভবন নির্মাণ বিধিমালার দুর্বলতা। পরে ২০২৫ সালের ডিসেম্বরে করা হয় নতুন বিধিমালা। আগের বিধিমালায় শুধু স্থাপত্য নকশার অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা যেত, এখন আর সেই সুযোগ থাকছে না।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, এখন আর্কিটেক্ট ডিজাইন ছাড়াও স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ডিজাইন সাবমিট করে অনুমোদন নিতে হবে। ভূমিকম্প, আগুন নিরাপত্তা নিশ্চিত হবে এর মাধ্যমে।

ভবন নির্মাণের পর তা ব্যবহার করতে লাগবে অকুপেন্সি সার্টিফিকেট। আগে এই নিয়ম থাকলেও তা বাধ্যতামূলক করা যায়নি। ভবনের কোন তলা কীভাবে ব্যবহার হবে তা অকুপেন্সি সার্টিফিকেটে উল্লেখ থাকবে।

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘এখন ভবন বা ফ্ল্যাট বেচা-কেনা করতে, বিদ্যুৎ-পানির সংযোগ নিতে এই সনদ লাগবেই।’

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলছেন, নতুন বিধিমালার প্রয়োগ নিশ্চিত করতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের জবাবদিহিও নিশ্চিতের করতে হবে।

তবে নতুন এই বিধিমালায় ভবন নির্মাণের অনুমোদন ফি বাড়ছে কয়েকগুণ।