গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তিনজন পথচারী দ্বগ্ধ হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন পথচারী দগ্ধ হন। এ ছাড়া ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকায় পাঠান। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুল কবীর জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুন লাগে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।