গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিমা খানম আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। গুরুতর আহত মীম খানমও আশ্রয়ন প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীকে পেছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মীম খানমকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।