দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে, ৪ মরদেহ উদ্ধার  

দৌলতদিয়া ফেরিঘাট থেকে নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল।

রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যায়। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও বেঁচে যাওয়া বাসের আরোহীরা জানান, বাসটির ৫ থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছে। বাকিদের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।

পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধার কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এছাড়া ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল ও সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নিয়েছে।