ঈদ ও স্বাধীনতা দিবস মিলিয়ে দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। তবে সড়কপথে যানজট আর ট্রেন বিলম্বে অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেক যাত্রী। অব্যবস্থাপনাকেই এই দুর্ভোগের কারণ হিসেবে দুষছেন তাঁরা।
স্বজনদের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে যাত্রীরা নামছেন কর্মব্যস্ত শহরে। তবে পথের ক্লান্তিতে অনেকেই বিরক্ত। যাত্রীরা বলছেন, সড়কপথে ময়মনসিংহ থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। অথচ এবার ফিরতে সময় লাগছে সাত থেকে আট ঘণ্টা, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন গুণ বেশি।
একদিকে গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক দেরি, অন্যদিকে জ্বালানি তেলের সংকট। ফলে চাপ পড়ছে বাস মালিক, চালক ও শ্রমিকদের ওপরও।
এদিকে আজ শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসা বেশির ভাগ ট্রেনই কমবেশি বিলম্ব করছে। ক্ষেত্রবিশেষে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে। সড়কপথের চরম ভোগান্তি এড়াতে ট্রেনে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। অভিযোগ আছে, অনেক স্টেশনে যাত্রীরা ঠিকমতো ট্রেনে উঠতেও পারছেন না।
তবে বাসযাত্রীদের চেয়ে ট্রেনযাত্রীদের অভিযোগ অপেক্ষাকৃত কম। কিছু ট্রেন যথাসময়ে পৌঁছানোয় সন্তুষ্টিও প্রকাশ করেছেন অনেক যাত্রী।
বাস ও লঞ্চের মতোই ট্রেনেও ঢাকা ফেরা মানুষের ভিড় কম নেই। প্রতিদিন পঞ্চগড়, দিনাজপুর কিংবা কক্সবাজারের মতো দূরদূরান্ত থেকে রাজধানীতে ফিরছেন হাজার হাজার কর্মমুখী মানুষ।