বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ 

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় পথচারী মোহাম্মদ ইমরান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাষাড়া এলাকার চাঁদনী হাউজের সামনের এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ ইমরানের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় পরিবারের সঙ্গে থাকে। মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আনা হয়।

আহতের বোন ইশা মনি বলেন, ‘ইমরান হেফজ বিভাগের একজন ছাত্র। মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তার পেটে গুলি লাগে। পরবর্তীতে আমি সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে আমার ভাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ ওই মাদ্রাসা শিক্ষার্থীর বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।