ঢাকার সাভার থানার হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার আবাসিক কক্ষে মারামারি করা দুই ছাত্রের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গোলাম রহিম (১৩) নামের এই ছাত্রকে মুমূর্ষু অবস্থায় আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তখন দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুই ছাত্র মারামারি করে। নিহত গোলাম রহিমের বাড়ি সাভারের জাদুরচর গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম।
হাসপাতালে নিহতের বড় ভাই রাব্বি জানান, গতরাত ১১টার দিকে মাদরাসার আবাসিক কক্ষে রহিমের সঙ্গে অন্য এক ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এতে রহিম গুরুতর আহত হলে মাদরাসার শিক্ষকরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে এই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।