সুইপার সম্প্রদায়ের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের জেলা প্রশাসক

গাজীপুরে হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক মা-হারা কনের বিয়েতে উপস্থিত হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক। তার এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। প্রশাসনের উচ্চপর্যায়ের এমন একজন কর্মকর্তার উপস্থিতিতে সম্প্রদায়টির মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কনে ছিলেন শ্রীমতী প্রীতি রানী বাসফোর। তার বাবা শ্রী রতন বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের গাজীপুর মহানগর শাখার একজন কর্মী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। কনের মা স্বর্গীয় সীমা রানী বাসফোর গাজীপুরের ডুয়েটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে প্রীতি রানী বাসফোর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি সামাজিক সমতার বার্তা বহন করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এমন উদ্যোগ সমাজে প্রচলিত উঁচু-নিচু ভেদাভেদ দূর করতে এবং সব পেশার মানুষের প্রতি সমান মর্যাদা প্রদর্শনে সহায়ক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ বা জন্মস্থান নির্বিশেষে রাষ্ট্র সবার সমান অধিকার নিশ্চিত করেছে। তাই আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। মানুষের প্রতি মানুষের সম্মান ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কোনো পেশাই অসম্মানজনক নয়—এ বিশ্বাস সমাজে প্রতিষ্ঠা করতে হবে।’