দূরপাল্লার বাস আগের ভাড়াতে চললেও রাজধানীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে পরিবহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করছে।
গতকাল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়িয়েছে সরকার। তবে তালিকা এখনো হাতে না পাওয়ায় দূরপাল্লার বাসগুলোতে নেওয়া হচ্ছে আগের ভাড়া।
অপরদিকে রাজধানীতে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো বাসে নেওয়া হচ্ছে ১০ থেকে ১৫ টাকা বেশি।
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে রাজধানীর একটি বাসের যাত্রী বলেন, ‘কী করব, আমরা তো জিম্মি।’ আরেকজন বলেন, ‘৬ কিলোমিটারের দূরত্বে ১০–১৫ টাকা বেশি নিচ্ছে। কিলোমিটারে ১১ পয়সায় কি ১০ টাকা বাড়ে?’
বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে চালকেরা দিচ্ছেন নানা অজুহাত। চালকদের একজন বলেন, ‘কী করমু ভাই, আমরা তো ঠেকা।’ আরেকজন বলেন, ‘তেলের দাম বাড়লে ভাড়া বাড়বেই। নইলে সংসার চলবে না।’
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাত্রীরা।