রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৮টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৃত আরশাদ আলীর ছেলে। তিনি পরিবারের সাথে মগবাজারের নয়াটোলা এলাকার বসবাস করতেন।
নিহতের ছেলে মো. স্বপন বলেন, বাবার বয়স বেশি হওয়ায় তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল রাত ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। আজ সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের একটি টহল দল কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন রাস্তায় ওই বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এসআই আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



