পল্লবীতে পাশের ফ্ল্যাটে খুন হয় শিশু রামিসা, অভিযুক্ত নারায়ণগঞ্জে গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তার স্ত্রীকেও।

মঙ্গলবার সকাল নয়টা। বড় বোনকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য এগিয়ে দেয় আট বছরের শিশু রামিসা। কিন্তু দীর্ঘক্ষণ পরও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার।

এক পর্যায়ে পাশের ফ্ল্যাটে বার বার নক করলেও সাড়া মেলে না। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় সবাই। উদ্ধার হয় শিশুর মরদেহ।  
 
মিরপুর ডিসি মো. মোস্তাক বলেন, ‘নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘটনার পরপরই গ্রিল কেটে পালিয়ে যায় রাজধানীর পল্লবীর ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা। আটক করা হয় তার স্ত্রীকে।’

অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি বিচার চেয়েছেন শিশুর বাবা-মা। শিশুটির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার।