এখনও ঈদের ছুটি শুরু হয়নি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে। ফলে নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে নেই ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ।
আজ রোববার সকাল থেকে এই মহাসড়ক দুটি দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনো ঈদের ছুটি শুরু হয়নি। সকাল থেকে উৎপাদনে রয়েছে কারখানাগুলো। তাই এই দুটি মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের কোনো চাপ এখনও সৃষ্টি হয়নি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, রাজধানী ঢাকা থেকে সীমিত পরিসরে মানুষজন ঈদে গ্রামের বাড়ি উদ্দেশ্যে যাওয়া শুরু করলেও তার কোনো প্রভাব এখনও সাভার অঞ্চলে পড়েনি।
কারণ হিসেবে তারা বলছেন–রাজধানী থেকে অধিকাংশ দূর পাল্লায় বাসগুলো রাতে ছেড়ে যায়। এ জন্য সকালে মহাসড়কে সেসব যানবাহনেরও কোনো চাপ নেই।