নরসিংদীর মাধবদীতে কর্মস্থল হতে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে মোশাররফ ও মাহবুব নামের দুই যুবকের বিরুদ্ধে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে অভিযুক্ত মাহবুবের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।
অভিযুক্তরা হলেন, মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) ও আব্দুল কাদিরের ছেলে মাহবুব। এদের মধ্যে মাহবুবকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন।
ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানান, বুধবার রাতে গার্মেন্টসে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুব নামের দুই যুবক তাকে জোর করে মাহবুবের পৌলাণপুরের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তার ওপর যৌন নির্যাতন করে।
পরবর্তীতে ঘটনার ভিডিও ধারণ করে তাকে হুমকি দেওয়া হয়—এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে যুবকরা দুই হাজার টাকা আদায় করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করে মোশাররফ ও মাহবুব। পরে বাধ্য হয়ে তারা দুই হাজার টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করেন এবং রাতেই বিষয়টি নিয়ে বিষয়টি মাধবদী থানায় জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটির সত্যতা যাচাই করে এবং সকালে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।