নুরুজাহান বেগমের মরদেহ উদ্ধারের রেশ না কাটতেই এবার একই এলাকায় আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি একাকী একটি বাসায় থাকতেন বলে জানা গেছে। খবর পেয়ে বাসা থেকে সেলিনা আফরোজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হতে পারে।
স্থানীয়রা জানান, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান কানাডায় থাকেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে মিরপুরের ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।



