টাঙ্গাইলে তুমুল সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বহু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং বেশ কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিলও সংঘর্ষে জড়িয়েছিল দুই গ্রামের বাসিন্দারা। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবার সংঘর্ষ হয়। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পুলিশ কাজ করছে।