মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের সামনে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লোকমান হোসেন। তাঁর হাতে ও পায়ে দুটি গুলি লেগেছে।

আহত লোকমানকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা জব্দ করেছে।

পুলিশ জানায়, রোববার বেলা তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা লোকমানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে লোকমানের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা লোকমানকে গুলি করে এবং তাঁর সঙ্গে থাকা ১৭ হাজার ডলার ছিনতাই করে। বর্তমান বাজারদর অনুযায়ী এর মুল্য ১৭ লাখ টাকারও বেশি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশের বিভিন্ন ইউনিট। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।