রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ব্রিটিশ কাউন্সিল ধানমন্ডির শিক্ষার্থী বলে জানা গেছে।

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বিনোদ বিশ্বাস পল্টনের শান্তিনগর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।

হাসপাতলে নিহত শিক্ষার্থীর ছোট ভাই বিধান বিশ্বাস বলেন, ‘আমার ভাই ব্রিটিশ কাউন্সিল ধানমন্ডি শাখার শিক্ষার্থী ছিল। আজ রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা দিয়ে যাচ্ছিল আমার ভাই। এ সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় আমার ভাই। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।