নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত অনিকের মা নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
এর আগে বুধবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন নাসিমা খাতুন।
পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই জেরে গত মঙ্গলবার ভোরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ পর্যন্ত অনিকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত একজনের পক্ষ হতে মামলার অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, এ নিয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আরও বেশ কয়েকজন নিখোঁজের কথাও জানান স্থানীয়রা।