ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন নসিমন চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে ওই বাজারে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। অন্যদের সঙ্গে আগুন নেভাতে যান প্রতিবেশী বাবুল মোল্যা। এ সময় একটি দোকানের ভেতরে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে গুরুতর আহত হন বাবুল মোল্যা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাজারের পাঁচটি ব্যবসা-প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে বাজারের নুর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে পাইকারি মুদি দোকান, সার ও কীটনাশকের দোকান, সাইকেল মেরামতের দোকান, কাপড়ের দোকান পুড়ে যায়।
গুনবাহা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকেন। এ সময় বাবুল মোল্যাও সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। হঠাৎ একটি দোকানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুল মোল্যা, আল-আমিন, আকিদুল, জাহাঙ্গীর হোসেন, হোসাইন বিশ্বাসসহ কয়েকজন আহত হন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, বাজারে অগ্নিকাণ্ডের সময় সিলিন্ডার বিস্ফোরণে একজনকে মৃত ও তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নসিমন চালক নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



