লক্ষ্মীপুরে সদর হাসপাতালে এক সপ্তাহে ৬ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী ভর্তি হচ্ছে। এদের বেশিরভাগই শিশু। ডায়রিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু ও হামসহ নানা উপসর্গ নিয়ে তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। হঠাৎ রোগীর চাপ বাড়ায় তাদের সেবা নিতে ঠাঁই হচ্ছে ফ্লোর ও বারান্দাতে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আউটডোরে প্রতিদিন ভিড় করছে নানা বয়সীরা। অতিরিক্ত গরমে ডায়রিয়া-নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনা হচ্ছে তাদের। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ৭০–৮০ শিশু। এর বাইরে সর্দি-জ্বর-কাশি, হাম ও ডেঙ্গু উপসর্গ নিয়েও আসছে রোগীরা।
হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বাধ্য হয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন বারান্দা ও মেঝেতে থেকে।
সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরো বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে আক্রান্তদের বেশিরভাগ আসছে ডায়রিয়া-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে।’
হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন জানান, জনবল সংকটেও তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
এসময় আতঙ্কিত না হয়ে রোগ প্রতিরোধে শিশু ও বয়স্কদের বিশেষ পরিচর্যার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।



